ঢাকার খিলগাঁও এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আগুনে দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, “অগ্নিসংযোগের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দু’টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পুলিশি পাহারায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।”
এর আগে, এদিন সকাল সাড়ে ৮টায় খিলগাঁওয়ের উত্তর শাহজাহানপুর এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
১০ম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে বুধবার সকালে। এ কর্মসূচি শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। এর মধ্যে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। একই ধরনের কর্মসূচিতে শামিল হয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও জোট।