সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের “বিজি-২৪৮” ফ্লাইটের যাত্রী।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক নয় যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে আটকদের মধ্যে কয়েকজন শিশুও আছে বলে জানা গেছে।
কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং এনএসআইয়ের যৌথ অভিযানে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ওজনের স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণের মধ্যে আছে ২৮০টি বার ও ছয়টি ডিম আকৃতির স্বর্ণখণ্ড।
আটকদের মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে বাচ্চাও আছে। তবে কয়েকজন জন বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।”