কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ‘অতিরিক্ত মদপানে’ তরুণের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে “অতিরিক্ত মদপানে” জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শাহীন জানান, লামিমকে পরিবারের পক্ষ থেকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সে। সেখানে অন্যান্য ছেলেদের সঙ্গে মদ পান করে। সকালে বাসায় ফিরে সে অসুস্থ অনুভব করছিল এবং বমি করছিল। এরপর প্রথমে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।