চলচ্চিত্রের মাঠ ছেড়ে ভোটের মাঠে চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। পর্দার নায়িকাকে বাস্তবে পেয়ে কাছে টেনে নিচ্ছেন ভোটাররাও। সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারে নেমে ব্যতিক্রমী এক সমাদর পেয়েছেন তিনি।
এদিন তিনি যান তানোর এলাকার সাঁওতাল জনগোষ্ঠীর কাছে। সেখানকার বাসিন্দারা তাকে সাদরে বরণ করেন। আয়োজন করে নায়িকার পা ধুইয়ে দেন তারা।
এমন ঘটনার দৃশ্য ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সাঁওতাল নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী এক নারীকে জড়িয়ে ধরেন।
ক্যাপশনে লিখেন, “আদিবাসী ভাইবোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কী। ট্রাক ছাড়া আবার কী।”
তথ্য বলছে, মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলায় হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।