টিয়া উদ্ধারে গিয়ে দগ্ধ ‘রবিনহুড’ স্বেচ্ছাসেবকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধারে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার”-এর দগ্ধ তিন কর্মীর একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আতিফ ইসলাম (৩০) নামে ওই অ্যানিমাল রেসকিউয়ার। তিনি ঢাকার লালবাগ এলাকায় থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রবিহনহুডের আরেক কর্মী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “আতিফের শরীরের ৮৫% দগ্ধ হয়েছিল। গতকাল রবিনহুডের তিনজনকে হাসপাতালে আনা হয়। যাদের আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।”

বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৈদ্যুতিক তারে একটি টিয়া পাখি আটকে যায়। খবর পেয়ে পাখিটি উদ্ধার করতে যান “রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার” সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেখানে তাদের তিনজন দগ্ধ হন।