বৈদ্যুতিক তারে আটকে যাওয়া একটি টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে “রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার” সংগঠনের তিন উদ্ধারকর্মী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আতিফ (৩০), স্বেচ্ছাসেবক রুপক (২৫) ও গাড়িচালক শফিকুর রহমান (৪৫)। এর মধ্যে আতিফ ও শফিকুর দগ্ধ হয়েছেন। তাদেরকে রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন রবিনহুডের প্রধান আফজাল খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় টিয়া পাখি উদ্ধারে যায় আমাদের রেসকিউ টিম। সেখানে বৈদুতিক তারে ঘুড়ির সুতায় পেঁচিয়ে আটকে ছিল টিয়া পাখিটি। রেসকিউ টিম পাখিটিকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন আতিফ ও শফিকুর।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, পাখিটিকে মুক্ত করতে উদ্ধারকর্মীরা পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যান। সেখান থেকে আতিফ একটি পাইপ দিয়ে আটকে থাকা সুতাটি ছেঁড়ার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা গাড়িচালক শফিকুরও দগ্ধ হয়ে ছাদের ওপরে পড়ে যান। আহত অবস্থায় তাদেরক হাসপাতালে নেওয়া হয়। আর স্বেচ্ছাসেবক রুপক সামান্য আহত হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, “আমাদের এখানে তিনজন এসেছেন। তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তিদের কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”



