নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হননি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, দুপুরে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। তবে বিআইডব্লিউটিএ’র গুদামে প্লাস্টিকের পাইপ ও রাবারের মতো বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রেণ আনতে দীর্ঘসময় লেগেছে।
স্থানীয়রা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে দুপুর ১টার দিকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গুদামে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহার হতো বলে জানিয়েছেন তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা সম্ভব হবে।”
দীর্ঘক্ষণ আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ উল্লেখ করে তিনি বলেন, “গুদামে মূলত প্লাস্টিকের পাইপসহ রাবার জাতীয় বস্তু ছিল। রাবার জাতীয় বস্তুর কারণে আগুন নেভাতে সময় লেগেছে। তবে এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে কি না বিআইডব্লিউটিএ বলতে পারবে।”