রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রথমে রাজধানীতে চলাচল করা কোনো একটি বাসে ওঠেন। এরপর তারা বাসের যেকোনো একজন যাত্রীকে টার্গেট করেন। ওই যাত্রীকে ঘিরে জটলা তৈরি করেন এবং বমি করে দেন।
এ সময় ওই যাত্রী অস্বস্তিবোধ করলে চক্রের অন্য সদস্যরা কৌশলে তার পকেট থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেন। অন্য কোনো যাত্রী যদি দেখে ফেলে, বাকি সদস্যরা ওই যাত্রীকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। এই ছিনতাইয়ের ভাগ পেতেন কোনো কোনো বাসের চালক ও তার সহকারী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- সুমন আল হাসান (২৯) ও আবুল হোসেন (৪০)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, “তাদের সঙ্গে কিছু গাড়ি চালক ও হেলপার জড়িত। তাই ছিনতাই করা টাকার একটি অংশ তাদেরও দিতে হয়। জিজ্ঞাসাবাদে তারা এমনটা জানিয়েছেন।”
গ্রেপ্তার হওয়া দুইজন “চিহ্নিত” ছিনতাইকারী বলে জানান তিনি। চক্রটি নিয়মিতভাবে বাসে এ অপকর্ম চালিয়ে আসছিল জানিয়ে তিনি বলেন, “এর ফলে বেশকিছু বাসের চালক ও তাদের হেলপার তাদেরকে চেনে এবং তারা এই ছিনতাইকারীদের সহযোগিতা করত এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দিত। এর বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারীরা।”
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, “একই কায়দায় শুক্রবার রাতে বাসে ওঠে ‘বমি পার্টির’ সদস্যরা। তাদের একজন এক যাত্রীর মাথায় বমি করে দেন। এরপর চক্রের বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এক ছিনতাইকারীকে ধরে ফেলেন ভুক্তভোগী। এ সময় ভুক্তভোগীকেই মারধর শুরু করেন ছিনতাইকারীরা। অন্য যাত্রীরা এগিয়ে এলে চক্রের তিনজন পালিয়ে যান, ধরা পড়েন সুমন ও আবুল।”
ওসি মহসীন জানান, তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।