ডাবের পানিতে হোক কেশচর্চা!

তেষ্টা মেটাতে ডাবের পানি সবার কাছেই বেশ পছন্দের। তবে এই পানি শুধু তেষ্টাই মেটায় না, বরং শরীরের অসংখ্য উপকারে লাগে। খেলাধুলা বা শরীরচর্চার মতো পরিশ্রমের কাজের ক্ষেত্রে শরীরে দ্রুত শক্তি বাড়াতে বেশ কার্যকরী ডাবের পানি। এছাড়া, চুল এবং ত্বকের পরিচর্যায়ও রয়েছে ডাবের ব্যবহার। চলুন, জেনে নেওয়া যাক চুলের পরিচর্যায় ডাবের পানির ভূমিকা সম্পর্কে-

মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ডাবের পানি। এই পানিতে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ। নিয়মিত ডাবের পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকে কোনো ধরনের ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে না।

ডাবের পানিতে এমন কিছু উপাদান রয়েছে, যা চুলের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে মাঝখান থেকে চুল সহজে ভেঙে পড়ে না। ডগা ফাটার সমস্যা থাকলে তা-ও প্রতিরোধ করে।

ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো কিছু খনিজ। যা চুল লম্বা করতে সাহায্য করে। চুলের ফলিকলগুলো মজবুত করতেও এই পানীয়ের ভূমিকা রয়েছে।

রুক্ষ চুলে সহজেই জট পড়ে যায়। ফলে চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে ঝরে পড়া চুলের পরিমাণ বাড়তে থাকে। রাসায়নিক দেওয়া কন্ডিশনার কিংবা সিরামের বদলে ডাবের পানি ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে সহজেই রেহাই মেলে।

মাথার ত্বকের স্বাভাবিক পিএইচের সমতা বজায় রাখে ডাবের পানি। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে গেলে মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখা জরুরি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা