কর্মস্থলে না পেয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কর্মস্থলে না পেয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৬ মার্চ) সকালে দুই দিনের সফরে সিলেট যান স্বাস্থ্যমন্ত্রী। সিলেট ওসমানী বিমানবন্দর থেকেই স্বাস্থ্যমন্ত্রী সরাসরি চলে যান জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। সেখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে তার অফিসে না পেয়ে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এসময় ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, “জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না। জনবল সংকট। ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।”

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন, “আমি অফিসিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আসার খবরে আমি দ্রুত অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন, তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।”

এদিকে, জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না।”

তিনি বলেন, “মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা না, শিক্ষা নেওয়ার জায়গা। এখানে গবেষণা করতে হবে, আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিশ্বনাথ আমার জন্মভূমি, এখানে আমার বাবা ও মায়ের বাড়ি। অনেকদিন পর এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।”

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বুধবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন।

এসময় প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।