ইসি: দুই সিটিতে চার ঘণ্টায় ভোট পড়েছে ২৬%

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় গড়ে ২৬% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া আংশিক তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ২৫% এবং ময়মনসিংহ সিটি নির্বাচনে ২৭% ভোট পড়েছে।

এর আগে, শনিবার সকাল ৮টায় একযোগে সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় এই প্রথম বড় পরিসরে স্থানীয় সরকারের নির্বাচনে হচ্ছে। ময়মনসিংহ সিটি করপোরেশনে হচ্ছে সাধারণ নির্বাচন, আর কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচন।

সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ মিলিয়ে স্থানীয় সরকারে বিভিন্ন পর্যায়ের ২৩৩টি পদে নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে।

এসব নির্বাচনের মধ্যে কুমিল্লায় একটি কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে, তাতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।

এ প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, “কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”