দেশের বাইরে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশ থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “এই অর্থ আমাদের স্বাস্থ্যখাতের বাজেটের চেয়ে ২০ হাজার কোটি টাকা বেশি। আমরা চাই এই টাকাটা দেশে থাকুক।”
শনিবার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ধানকোড়া সাহেবপাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, “আওয়ামী লীগ কোনো সমালোচনায় পিছপা হয় না, কে-কী করল আমরা ভাবি না। আমরা আমাদের কাজ ও দায়িত্ব পালনে বিশ্বাসী। করোনাভাইরাসের সময় আমরা কাজ করেছি। দেশের মানুষকে সেবা দিয়েছি। আমাদের অনেক সমালোচনা হয়েছে কিন্তু আমরা পিছপা হইনি।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশের মানুষকে সর্বোচ্চ ভ্যাকসিন দিয়েছি, যা পৃথিবীর অন্য কোনো দেশ দিতে পারেনি। এত বেশি ঘনত্বের দেশে, বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায়।”
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, “দেশে ১৫ হাজার ডাক্তার থেকে ৩৫ হাজার ডাক্তারে উন্নতি হয়েছে, ১৮ হাজার নার্স থেকে ৪৫ হাজার নার্স হয়েছে। এছাড়া স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বেডের সংখ্যা ৪০/৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার হয়েছে।”