শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত-রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো ।’’
বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, লাইব্রেরি প্রশাসক, প্রক্টর, হিসাব পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, “রমজানে ইফতার পার্টি না করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ নির্দেশনার আলোকেই ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধ করা হয়েছে। তবে, ক্যাম্পাসের বাইরে ইফতার মাহফিল আয়োজনের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা থাকবে না।”