পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়কের ওপর বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় সড়কে অবৈধভাবে বসা বাজার উচ্ছেদ করা হয়।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারে র্যাব-১২-এর সিপিসি-২ অভিযান পরিচালনা করে।
এসময় গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার মজিদপুর রানীগ্রামের মো. রতন হোসেন (২২), রামেশ্বরপুরের মো. আশরাফুল ইসলাম (২৪), টেবুনিয়া স্কুলপাড়ার আব্দুল গণি (২৩), মনোহরপুর গ্রামের মো. নাহিদ হাসান (২৬) এবং মজিদপুর মধ্যপাড়ার মো. সরোয়ার হোসেন শাওন (২২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, বুধবার দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে টেবুনিয়ার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ওপর বাজার বসিয়ে চাঁদা আদায় ও দখলদারিত্ব রোধে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এসময় উপস্থিত ছিলেন।
র্যাব জানিয়েছে, টেবুনিয়ার বাজারকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র মহাসড়কের ওপর টাকার বিনিময়ে অবৈধভাবে বাজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ টাকা আদায় করে আসছিল। এতে করে টেবুনিয়া বাজার সংলগ্ন সড়কের ওপর প্রায় দেড় কিলোমিটার ভয়াবহ যানজট ছিল নিয়মিত ঘটনা। এ কারণে সড়কে দুর্ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গ্রেপ্তার পাঁচজনকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র্যাব।