স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দুই কুমির সুন্দরবনের নদীতে অবমুক্ত

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সুন্দরবনের ভদ্রা নদীতে কুমির দুটি অবমুক্ত করা হয়।

বন বিভাগের মতে, কুমির দুটির মধ্যে একটি পুরুষ ও আরেকটি স্ত্রী কুমির ছিল। এশিয়ায় এবারই প্রথম কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হলো।

কুমির দুটির মধ্যে পুরুষ কুমির জুলিয়েট সুন্দরবনের করমজলে অবস্থিত দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রের পুকুরে ছিল। আর স্ত্রী কুমির মধুকে সম্প্রতি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে উদ্ধার করা হয়।

শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ ড. রু সোমায়েরা ও অস্ট্রেলিয়ার ড. পলের মাধ্যমে বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট-আইইউসিএনের সহযোগিতায় কুমির দুটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, “এর মাধ্যমে কুমিরের চলাচল ও যে সব কুমির নদীতে অবমুক্ত করা হয়েছে তার ‘সারভাইভাল রেট’ জানা যাবে।”

কুমির অবমুক্তের সময় উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নুরুল করিম, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহাসিন হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর মো. সরোয়ার আলম দীপু, মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান প্রমুখ।