Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

এসআরবি-৬ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করার এ সাফল্য

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

সুন্দরবনের আলিফ বাহিনীর ১৫ জন দস্যু এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সুন্দরবনে সক্রিয় জলদস্যু আলিফ বাহিনীর অংশবিশেষ আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জন, মোট ১৫ জন জলদস্যু আত্মসমর্পণ করে।

এসআরবি ৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, “আলিফ বাহিনীর ১৫ জন সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়াল ও অন্যান্য বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।”

তিনি বলেন, “সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা থেকে মুক্ত রাখা এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা এসআরবি-৬ এর অন্যতম অগ্রাধিকার। সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ ও মুক্তিপণ আদায় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে এসআরবি-৬ এর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।”

এসআরবি-৬ এর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হবে।

এতে আরও বলঅ হয়, সুন্দরবনকে নিরাপদ ও জলদস্যুমুক্ত রাখতে এসআরবি ফোর্সেস দীর্ঘদিন ধরে নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে পূর্ববর্তী সময়ে সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ইতিপূর্বে আত্মসমর্পণ করেছিল।

যদিও সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণকারী কতিপয় দস্যুর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। একইসঙ্গে জেলে ও বনজীবীদের অপহরণ ও মুক্তিপণ দাবি এবং অন্যান্য অপরাধমূলক তৎপরতার ঘটনাও সামনে আসে।

সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যু ও বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসআরবি-৬ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করে। এসআরবি-৬ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করে।

   

About

Popular Links

x