দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “প্রথম ধাপের নির্বাচন মত দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়ন পত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।”
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ ২১ মে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোট চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়।
তিনি আরও বলেন, “আগের সিদ্ধান্ত অনুযায়ী নয়টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে। বাকি জেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”