দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে কোন ধাপে কোন ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই তালিকা চূড়ান্ত করতে সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভা শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে এবং ইউপিগুলোর তালিকা পর্যালোচনা শেষে কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।
ইসির পূর্বঘোষণা অনুযায়ী পাঁচ ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখগুলো হলো:
প্রথম ধাপ: ২১ জানুয়ারি
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
চতুর্থ ধাপ: ১৩ মে
পঞ্চম ধাপ: ২৭ মে
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করা হবে। ভোটগ্রহণের ৪০ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ জেলার ইউপিগুলোর নির্বাচনী তফসিল ঘোষণা করবেন।
ইউপি নির্বাচনের পাশাপাশি আজকের সভার আলোচ্যসূচিতে স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়টিও রাখা হয়েছে। নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।



