বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় নারীসহ এ পর্যন্ত মোট ৫৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সক্রিয় সদস্য।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার ৪৯ জনকে তিনটি বাসে করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। এর আগে যৌথবাহিনীর অভিযানে রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারী।
অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, একটি ছুরি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে সদরের শ্যারণ পাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) আটক করা হয়।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা করা হয়েছে। তার মধ্যে রুমায় চারটি ও থানচিতে চারটি।