দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক ও মাধ্যম বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো একই কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা কিছুক্ষণের মধ্যে জানানো হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
প্রসঙ্গত, দেশের প্রায় সব জেলায় তীব্র থেকে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে, রমজান মাস, স্বাধীনতা দিবস, ঈদ-উল-ফিতরের ছুটি সমন্বয় করে গত ২৬ মার্চ থেকে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। ২১ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান শুরুর কথা ছিল।