কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে নৌপথে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া ইয়াবার পরিমাণ ১২ লাখ ৫০ হাজারটি। তবে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।
রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত চকরিয়া উপজেলার খুটাখালী নদীতে এ অভিযান চালানো হয়।
সোমবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, রবিবার রাতে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে খবর আসে মিয়ানমার থেকে সাগরপথ হয়ে একটি ট্রলারে করে খুটাখালী নদী দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। এ খবর পাওয়া মাত্রই চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ আমি নিজে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযান শুরু করি।
তিনি আরও বলেন, ধাওয়া করলে ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার শাহজাহানসহ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার থেকে ইয়াবাভর্তি মাঝারি সাইজের পাঁচটি ড্রাম জব্দ করে পুলিশ।
বিকেল পর্যন্ত গণনা করে ড্রামগুলোতে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।
প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান ইয়াবার এই চালান উদ্ধারটি সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ।
তিনি জানান, মাদকের এই বড় চালানটি কারা নিয়ে এসেছে এবং এর নেপথ্যে গডফাদারদের খুঁজতে পুলিশ কাজ করছে।