Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ৫০

ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কয়েক ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকে

আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:২২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সড়কের দুই প্রান্তে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল নিক্ষেপের ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পুখরিয়া বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদি গ্রামবাসীর সঙ্গে মানিকদি ইউনয়নের পুখরিয়া, ব্রাহ্মণকান্দাসহ পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রাম্য আধিপত্যের ফলে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।

   

About

Popular Links

x