বাঘাইছড়িতে পাহাড় ধস: ৮ ঘণ্টা পর যান চলাচল শুরু

পাহাড় ধসের ঘটনায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে ওই সড়কে যান চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার দুইটিলা এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের ওপর পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে।

এতে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। সকাল থেকে সড়কের দু’পাশে আটকা পড়ে বহু যানবাহন। তবে পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হননি।

পাহাড় ধসের খবর পাওয়ার পর সড়ক থেকে মাটি সরানোর জন্য সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কাজ শুরু করে। সকাল থেকে সেনাবাহিনীর সঙ্গে ভারি যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথ কর্তৃপক্ষও কাজে যোগ দেয়।