Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারি বৃষ্টিতে পাহাড় ধস, বাঘাইছড়িতে সড়ক যোগাযোগ বন্ধ

সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন

আপডেট : ০৩ মে ২০২৪, ০২:৩০ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ মে) রাতে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার দুইটিলা এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের ওপর পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে।

এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।

পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিনের তত্ত্বাবধানে এই কাজ চলছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক যোগাযোগ বিভাগের লোকজনকে মাটি সরানোর জন্য অনুরোধ করেছি। এরইমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা দিয়েছে। তারা পৌঁছালে আমরা আশাবাদী ৩-৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।”

এদিকে, তীব্র তাপদাহের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়িতে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে এখন পর্যন্ত জেলায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭জন। মারা গেছে ৩টি গবাদিপশু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x