আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম বাজারজাতকরণ। গাছ থেকে আম পেড়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহাসহ অন্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় শহরের মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আম বাগান থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে সেখানে আমচাষি ও বাগান মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভাস চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, “চুয়াডাঙ্গায় এবার ২,৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ থেকে ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে, এ বছর ১৫০ কোটি টাকার আম কেনাবেচা হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, “চুয়াডাঙ্গার আমের সুখ্যাতি সারাদেশে। তাই আমের সেই সুখ্যাতি ধরে রাখতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রস্তুত করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হবে। এছাড়া আমে কেউ যাতে কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য বা ফরমালিন মেশাতে না পারেন, সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।”
ম্যাংগো ক্যালেন্ডার অনুযারী, আজ ১৬ মে আঁটি, গুটি ও বোম্বাই আম পাড়া শুরু হয়েছে। এরপর ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলি, ১ জুলাই আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।