ছয় বছর আগে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর নতুন প্রযুক্তির রকেট ফ্যালকন নাইনে করে মহাকাশে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল বাংলাদেশ। দেশের দ্বিতীয় স্যাটেলাইট “বঙ্গবন্ধু স্যাটেলাইট-২” কবে মহাকাশে কবে যাবে, এ নিয়ে নতুন আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি।”
রবিবার (২ জুন) সকালে গণভবনে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতা এলাম, তখন কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম। তখন সব ছিল অ্যানালগ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব। এখন আমাদের স্যাটেলাইট আছে।”
প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলেন, স্যাটেলাইটের কী দরকার ছিল! আমাদের দেশে কিছু মানুষ আছে, যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না। যেটাই করব, তারা বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এটার কী দরকার! খামাখা পয়সা নষ্ট! এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে।”
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে, আর যেন এটা না করতে পারে কেউ। সেজন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “আমরা কারও কাছে হাত পেতে চলব না। নিজের মর্যাদা নিয়ে চলব। আত্মমর্যাদাবোধ নিয়ে চলব, এটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ১৯৭৫ সালের আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম।”