বেনজীরের স্ত্রী, সন্তানদের ফের দুদকে তলব

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (৯ জুন) বিকেলে তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে এ আবেদন করেন। আবেদনে দুদকের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আবারও তলব করে কমিশন।

এর আগে, গত ২৮ মে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। তবে বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন তলব করা হয়েছে।

সম্প্রতি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি–অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। আদালতের নির্দেশে বেনজীরের স্থাবর সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।