বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, “পাহাড়ে শান্তি ফেরাতে যৌথবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও কাজ করছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যা বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এছাড়াও স্থলশক্তিতে অতিরিক্ত প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।”
বুধবার (১২ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বিমান বাহিনী প্রধান বলেন, “আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিতে সদা প্রস্তুত। আমাদের সবরকম সক্ষমতা আছে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরিই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমান বাহিনীর আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব। অত্যাধুনিক হেলিকপ্টার কেনার ব্যাপারে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। কিন্তু কোভিড ও বৈশ্বিক পরিস্থিতির কারণে এটা কেনা স্থগিত আছে। তবে এজন্য আমাদের কোনো কিছুই থেমে থাকবে না।”
এর আগে, বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট এ সময় গার্ড অব অনার দেয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।