ঈদে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ আইজিপির

ঈদে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, “ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (১৩ জুন) গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “কোরবানির পশুবাহী গাড়ি যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর কোনো গাড়ি আটকানো যাবে না। বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা ব্যাপারীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

হাটে কোনো হয়রানি হলে হটলাইনে ফোন দেওয়ার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, “হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন আছে। কোরবানির পশুর হাটে কোনো রকম হয়রানির ঘটনা ঘটলেই পুলিশের হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।”

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না। বিশেষ করে মহাসড়কে তিন চাকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দূরপাল্লার পরিবহনগুলোকে শৃঙ্খলা সঙ্গে গাড়ি চালাতে হবে। ঈদযাত্রা নিরাপদ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”