সাজেকে আটকা পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্টগুলো

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাঘাইহাট-সাজেক সড়কের দুটি স্থান। ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। এতে সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। এসব পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) রাতে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন সাজেকের কটেজে কর্মরত যোতেন ত্রিপুরা।

তিনি বলেন, “পর্যটকরা সাজেক ছাড়তে না পারায় চরম বিপাকে পড়েছেন। হোটেল-মোটেল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার ঢাকা ট্রিবিউনকে বলেন, “সড়কে পানি থাকায় সাজেকে যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। পানি সরে গেলে যোগাযোগ ব্যবস্থা সচল হবে। আটকে থাকা পর্যটকদের থাকা ও খাওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা আট শতাধিক পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাজেক থেকে তাদের খাগড়াছড়ি ফিরে আসার কথা ছিল। পানি সরে না যাওয়া পর্যন্ত আটকাপড়া পর্যটকদের সাজেকে অবস্থান করতে হবে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, “বৃষ্টি না কমলে আগামী কয়েক দিন আটকে পড়া পর্যটকদের এখানে থাকতে হবে। সে ক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে কক্ষ ভাড়া নেওয়া হবে না। তবে অনেক দূর থেকে পানি আনতে হয়। সে জন্য শুধু পানির বিল নেওয়া হবে।”