প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঢাকা মহানগরীতে কোনও রাসায়নিক গুদাম থাকতে দেবে না।বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত কাউন্সিলদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “নিমতলী ট্রাজেডির পরে চকবাজারে এধরনের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা অবশ্যই রাজধানী থেকে গুদাম সরিয়ে দেব এবং এ ক্ষেত্রে আমরা কোনও বাধা মানবো না।”
শেখ হাসিনা বলেন, “আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম স্থাপন করা যাবে না। রাসায়নিক ব্যবসায়ীরা তাদের শোরুম রাখতে পারবে না এবং সেখান থেকে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।”
এসময় তিনি আরও বলেন, “সরকার রাসায়নিক গুদামের জন্য পৃথক জায়গার ব্যবস্থা করবে যাতে দাহ্যবস্তু সেখানে নিরাপদে রাখা যায়।”
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, “আমরা রাসায়নিক গুদাম মালিকদের জন্য পৃথক জায়গা খুঁজছি এবং আমরা তাদের ব্যবসার ক্ষতি করতে চাই না।”
এসময় মন্ত্রিপরিষদের সদস্যগণ, ডিএসসিসি মেয়র, সংসদ সদস্যগণ এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।