শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চাইলেন পলক

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি ক্ষমা প্রার্থনা করেন।

পলক বলেন, “আমাদের দেশে ৫ কোটি শিক্ষার্থী রয়েছেন। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সে ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দেবেন। দয়া করে আপনারা শেখ হাসিনাকে ভুল বুঝবেন না।”

শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া, ইরাক, মিশর। কীভাবে ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার, সেই দেশকে কীভাবে ধ্বংস করে গোটা প্রজন্মকে গত ২০/৩০ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে।”

পলক বলেন, “আওয়ামী লীগের কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে করজোড়ে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এ সকল কিছুর দায়, দায়িত্ব ও ব্যর্থতা আমি নিজের কাধে তুলে নিচ্ছি। সেইসঙ্গে যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সরকার ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি এই ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিয়েছেন।

তিনি বলেন, “আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ, এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”

শিক্ষার্থীদের দাবি নিয়ে পরিস্থিতি শান্ত করতে মমত্ববোধ ও আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছেন পলক। তিনি বলেন, “তাদের সাথে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে, সেটা কখনও তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা সমাধান করতে হবে।”