সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “সর্বাত্মক অসহযোগ” কর্মসূচির প্রথম দিনে কুমিল্লায় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। নিহতের নাম এরশাদ মিয়া।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খায়রুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “েআন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবনে আগুন দেয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেয়। এর আগে পুলিশের একটি পাইভেট কার ও রেকারে আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।”
তিনি জানান, হঠাৎ আন্দোলনকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করেন। এ সময় পুলিশ সদস্যরা ছাদে উঠে যান। কিন্তু এরশাদ আর উঠতে পারেননি। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এর আগে, কুমিল্লার দেবীদ্বার উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল্লাহ রুবেল (৩৩)। তিনি যুবদলের কর্মী ও পৌরসভার বাড়েরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।
এদিন আন্দোলনকারীরা দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেল।