সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় শুরু হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার কার্যক্রম।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে হাজারীবাগ থানার কার্যক্রম শুরু করেন পুলিশ সদস্যরা।
এ সময় থানা প্রাঙ্গণে হাজারীবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, “আমরা সেনাবাহিনীর সহযোগিতায় থানার সকল কার্যক্রম শুরু করেছি। এই থানায় কোনো রকম ভাঙচুর বা হামলা হয়নি। এলাকাবাসী আমাদের থানার কোনো ক্ষতি হতে দেয়নি।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে লড়াই করব।”
সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের অনেক থানায় হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এসব থানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়। এতে হতাহত হন বহু পুলিশ সদস্য।
এমন অবস্থায় জীবনের শঙ্কায় কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
এদিকে, শুক্রবার ঢাকার ২৯ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে- গুলশান, তেজগাঁও, নিউমার্কেট, শাহবাগ, রমনা, বাড্ডা, কলাবাগান, ধানমন্ডি, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেণ্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানা।