পদত্যাগ করেছেন ওয়াসার এমডি তাকসিম এ খান

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তার পদত্যাগের বিষয়ে গত মঙ্গলবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল।

বুধবার (১৪ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার এক কর্মকর্তা জানান, পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকসিমের খোঁজ মিলছিল না। সরকার পতনের পর ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাকসিম এ খানসহ কয়েকজন কর্মকর্তাকে ওয়াসা ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। সে কারণে তারা ওয়াসা ভবনে যাচ্ছিলেন না।

ওয়াসার কর্মীদের ধারণা, তাকসিমের পরিবারের সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই তিনিও হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।