বুয়েট ও বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ

ছাত্র-জনতার আন্দোলনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে গত কয়েকদিনে পদত্যাগ করেছেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

২০২০ সালের ২৫ জুন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান। সাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেন। ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এ বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বিএসএমএমইউয়ের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদত্যাগ প্রসঙ্গে ডা. দীন মো. নূরুল হক বলেন,‌ “বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি।”

তিনি বলেন, “আমি জোর করে থাকতে চাই না, সেটি করাও আমার জন্য উচিত হবে না। এই বিশ্ববিদ্যালয়ে আমি সম্মান নিয়ে এসেছিলাম, এখনও সম্মান নিয়েই আমি চলে যাচ্ছি। তবে সবসময়ই চাইব আমার শুরু করা কাজগুলো যেন সফলভাবে সমাপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় আরও অনেকদূর এগিয়ে যায়।”