টিএসসিতে চলছে ‘গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি’

দেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তার জন্য সারাদিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি’ র ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “ইতোমধ্যে সারাদেশে রেসকিউ অপরাশেন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু রয়েছে। এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেইজিং এর উদ্যোগ শুরু করেছে।”

এছাড়াও, প্রত্যেক জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের মাধ্যমে রেসকিউ অপরাশেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, আকস্মিক বন্যায় বাংলাদেশের ৯টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যাকবলিত এসব জেলা হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। টানা বৃষ্টির পাশাপাশি বাংলাদেশে বন্যার পেছনে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে।