হোলি আর্টিজানের ‘দীপ্ত শপথ’ ভাস্কর্য ভাঙলো কারা? 

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত হয়েছিল ভাস্কর্য। যার নাম দেওয়া হয়েছিল “দীপ্ত শপথ”। সেটি গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর ওপর সাঁটানো হয়েছ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার।

তবে কখন বা কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল জানান, মূর্তি ভাঙার ঘটনাটা পুরোনো। ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট সরকার পতনের পর কোনো একসময় সেটি ভাঙা হয়েছে। সম্প্রতি কেউ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, ভাস্কর্য “দীপ্ত শপথ” ভাঙচুরের অংশ বিশেষ পড়ে আছে। সেখানে হিযবুত তাহরীরের একটি পোস্টারও দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে একদল উগ্রবাদী সশস্ত্র তরুণ রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বরে হোলি আর্টিজান বেকারি নামে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া মানুষদের জিম্মি করে। পাঁচ তরুণের ওই দলটি সশস্ত্র অবস্থায় হোলি আর্টিজান বেকারিতে ঢুকে পড়ে। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। ২০১৮ সালে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে পুরাতন গুলশান থানার সামনে “দীপ্ত শপথ” নামে একটি ভাস্কর্য উদ্বোধন করেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।