অর্থ উপদেষ্টা: ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরী 

অর্থ, বাণিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখন থেকেই সতর্ক হোন।”

অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে দুর্নীতির দায়ে অভিযুক্তদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করতো না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি। সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।”

ড.সালেহউদ্দিন আহমেদ সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক। কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।”