Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব না দেওয়ায় তাকে কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব সাজার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রায় ঘোষণার আগে সুপর্ণা সুরকে কারাগার থকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, আসামি সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার স্বামী এস কে সুরের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশপ্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক এ এম তাহের এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হলো।

​এদিকে, রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস অসন্তোষ প্রকাশ করে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করবেন।

প্রসঙ্গত, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় গত ২৮ জুলাই এস কে সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

   

About

Popular Links

x