অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনশনরত অনিন্দ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনঃনির্বাচনের দাবিতে অনশনরত ছয় শিক্ষার্থীর একজন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থীর নাম অনিন্দ্য মন্ডল।

বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তবে বাকিরা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে অনশনরত আরেক শিক্ষার্থী রাফিয়া তামান্না ঢাকা ট্রিবিউনকে বলেন, অনিন্দ্যর শ্বাসকষ্ট শুরু হলে অনশনস্থলে অবস্থানরত তার বন্ধুরা বিকাল সাড়ে চারটার দিকে বন্ধুরা ঢামেকে নিয়ে যান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে অনশনে বসেন অনিন্দ্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। বুধবারও তা অব্যাহত রয়েছে।

প্রথমে অনশন শুরু করা চার প্রার্থী হলেন-  ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদের প্রার্থী শোয়েব মাহমুদ, মুহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদের  প্রার্থী মো. মাঈন উদ্দিন, জগন্নাথ হল সংসদের সদস্য পদের  প্রার্থী   অনিন্দ্য মণ্ডল এবং  কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম। 

এছাড়া, দুজন সাধারণ শিক্ষার্থী হলেন- আল মাহমুদ ত্বাহা ও রাফিয়া তামান্না।

বুধবার দুপুরে যোগ দেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মীম আরাফাত মানব।

প্রথম অনশনে যোগ দেয়া শোয়েব মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অনশনকারীদের কাছে এসে নির্বাচনের ভুল স্বীকার ও পুনর্নির্বাচনের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

তিনি বলেন, আমরা চার জন শুরু করলেও পরে দুজন সাধারণ শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আজকেও একজন প্রার্থী যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারচুপি করা ভোটের ফল বাতিলের আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চলবে।