পূজামণ্ডপে ইসলামি গান গাওয়া ২ জনের জামিন

চট্টগ্রাম মহানগরের জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গেয়ে গ্রেপ্তার হওয়া দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

জামিন পাওয়া দুজন হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির। তিনি সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে করা মামলায় আজ আদালতে জামিন শুনানি ছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।”

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে পূজামণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ইসলামি গান পরিবেশন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই মণ্ডপে সংগীত পরিবেশন করতে যায়।

শুক্রবার (১১ অক্টোবর) নগরের কোতোয়ালি থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলাটি করেন। এতে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা, মামুনসহ সাত জনকে আসামি করা হয়।