রাতের আঁধারে রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় কালো ‘হিজাব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় “হিজাব” পরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এ কাজ করেছে সেটা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরসাইকেলে এসে এই হিজাব পরিয়ে দ্রুত চলে যায়। রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন মিলে ওই কাপড় নামিয়ে ফেলেন।

এ ঘটনা জানার পর রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ দুজন সহকারী প্রক্টরকে ঘটনা দেখার জন্য পাঠান। সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম রাত ১টার দিকে রাজু ভাস্কর্য এলাকা পরিদর্শনে আসেন।

ঘটনা পর্যবেক্ষণের বিষয়ে সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আমরা রাজু ভাস্কর্যে গিয়ে দেখি, কাপড় নামিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখন পর্যন্ত এটি আমরা জানতে পারিনি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে।”

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “আমরা আজকের মধ্যেই তিন থেকে চারজন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে দেব এ বিষয়ে। আর বিভিন্ন এজেন্সি থেকে ভিডিও ফুটেজ নিয়ে আমরা এটি তদন্ত করব। এখানে এসব করা যাবে না।”