গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। অন্য ১ জনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে ৪ ব্যক্তি। এ সময় বাড়িতে থাকা কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা ঘুম থেকে জেগে যান। তার চিৎকার শুনে এগিয়ে আসে আশপাশের লোকজন। এ সময় ৪ চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং ১ জন পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরি ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।