ঢাকার অভিজাত হোটেল লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিমের অফার দেওয়া হয়। শনিবার দুপুর থেকে হোটেলের সামনে জড়ো হতে শুরু করেন আইসক্রিম প্রেমীরা। কিন্তু দুপুর ১টার পরপর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। অপেক্ষমাণ ক্রেতাদের আইসক্রিম দিতে না পারায় শুরু হয় বাগ্বিতণ্ডা। এক পর্যায়ে হোটেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে একদল শিক্ষার্থীর সংঘর্ষ শুরু হয়।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
তিনি বলেন, “লা মেরিডিয়ান ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দেয়। ফলে দুপুর থেকে আইসক্রিম প্রেমীরা হোটেলের সামনে জড়ো হতে শুরু করেন। কিন্তু দুপুর ১টার পরপর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। এ নিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় হোটেল কর্তৃপক্ষ। পরে তা সংঘর্ষে রূপ নেয়।”
তিনি আরও বলেন, “হোটেলের নিরাপত্তাকর্মী ও একদল শিক্ষার্থীর মধ্যে প্রায় এক-দেড় ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপ চলে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেতা ও হোটেল কর্তৃপক্ষের মধ্যকার এ বিষয়টি সুরাহা করা হয়েছে।”