শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিখোঁজ হওয়ার পর ৭ দিন পার হয়ে গেলেও এখনো তাকে পাওয়া যায়নি।
সুমন শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে সুমন নিখোঁজ হন। পরবর্তীতে তাকে অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ গতকাল রাতে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করেছে।
এর আগে গতকাল রাতে শেরপুর সদর থানায় সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এজহারে উল্লেখ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী ২–৩ জন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করেন।
পরবর্তীতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম সাংবাদিকদের বলেন, “পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, “পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ রয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।”