আগামী তিন শুক্রবার সব মসজিদে জুলাই আন্দোলনে শহিদদের জন্য দোয়া

কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য আগামী তিন শুক্রবার জুমার নামাজে দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।

সোমবার (১১ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। সরকার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে প্রাণ ঝরে অনেকের।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করছে এ আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটির স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি; যাতে তাদের সংগ্রহ করা হিসেবে এখন পর্যন্ত সারাদেশে মোট ১,৫৮১ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। 

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের সরকারি তালিকায় প্রাথমিকভাবে ৮৭০ জনের পরিচয় অন্তর্ভুক্ত হয়েছে।