সম্পদের হিসাব দিতে আরও এক মাস সময় পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।
মোখলেস উর রহমান বলেন, “গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কিভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।”
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে সার্কুলার ইস্যু করা হবে বলে জানান সিনিয়র সচিব।
সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে চলতি বছরের সম্পদের হিসাব বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২–এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়।