শিয়ালের সঙ্গে ধাক্কায় উল্টে গেল সিএনজিচালিত অটোরিকশা, পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফাহিম আহাম্মদ জিদান (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদান ছুটিতে বাড়ি ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে  নান্দাইল বাড়িতে যাওয়ার সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায়  পৌঁছলে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ চালক এবং অন্য যাত্রীরা আহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জানান, নিহত ফাহিম আহাম্মদ জিদান দেড় বছর আগে পুলিশে যোগদান করেন। পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।