উত্তরায় রেস্টুরেন্টে আগুন: ধোঁয়ায় আচ্ছন্ন ভবন, ৭ জনকে জীবিত উদ্ধার

ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন নামের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এছাড়া এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুনে খবর পেয়ে ১০ টা ৪৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এর মধ্যে রয়েছে- উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজারের ফায়ার স্টেশনের ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, “সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”